ব্যাংকের ভেতরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতিকে কেন্দ্র করে শাহাদাত হোসেন ওরফে টিটু (৩০) নামের একজন ব্যবসায়ীকে ব্যাংকের ভেতরে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফেনী শাখায়। এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের ব্যবস্থাপকসহ দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যবসায়ীর বাড়ি ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া (বাগেরহাট) গ্রামে। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেটে তাঁর একটি পোশাকের দোকান আছে। টিটুর বড় ভাই সিরাজুল ইসলাম অভিযোগ করেন, টিটু রোববার বেলা ১১টার দিকে ওই ব্যাংকে যান। এ সময় চেক জালিয়াতির অভিযোগ এনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টিটুকে আটকে রেখে পেটান। টিটুর হাত-পায়ের আঙুলে সুঁই ঢুকিয়ে, আঙুলের নখ তুলে নানাভাবে নির্যাতন চালানো হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের খবর দিয়ে চেক জালিয়াতির অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা দাবি করেন। এ টাকা না দেওয়া পর্যন্ত টিটুকে ব্যাংকের ভেতরে মুমূর্ষু অবস্থায় আটকে রাখা হয়। বিকেল পাঁচটার পর পরিবারের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা পরিশোধ করা হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। টিটুকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা অবস্থা বেগতিক দেখে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে টিটু মারা যান। ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সদর উপজেলার সোনাপুর গ্রামের শফি উল্লাহ (৬০) রোববার ব্যাংক থেকে টাকা তুলতে আসেন। এ সময় সুযোগ বুঝে টিটু ওই বৃদ্ধকে সাহায্য করার নামে তাঁর কাছে এগিয়ে যান এবং বৃদ্ধের হাত থেকে চেকটি নিয়ে কত টাকা উত্তোলন করবেন তা জানতে চান। বৃদ্ধ ১০ হাজার টাকা তুলবেন বলে জানান। কিন্তু টিটু চেকে ৭৪ হাজার টাকা লিখে ব্যাংক থেকে তা উত্তোলন করে বৃদ্ধকে ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিজের পকেটে ঢোকান। বিষয়টি উপস্থিত অন্য গ্রাহকদের চোখে পড়ে। তাঁরা টিটুকে হাতেনাতে আটক করে তাঁর পকেট থেকে ৬৪ হাজার টাকা উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ গ্রাহকেরা তাঁকে মারধর করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় টিটুর বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক (ভাইস প্রেসিডেন্ট) শহিদ উল্লাহ মজুমদার ও দ্বিতীয় কর্মকর্তা আবদুর রহিমকে গ্রেপ্তার করে। থানায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টিটুর গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক শহিদ উল্লাহ মজুমদার গতকাল সোমবার রাতে থানায় বসে প্রথম আলোকে বলেন, চেক জালিয়াতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপস্থিত গ্রাহকেরা টিটুকে পিটুনি দিয়েছে। লোকলজ্জার ভয়ে টিটু নিজেই বিষয়টি পুলিশকে জানাতে বারণ করেছিলেন।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাছিনা আক্তার জানান, আঙুলসহ টিটুর শরীরের নানা অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।