
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার শাখাটির প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকালও দুপুর পর্যন্ত ওই সড়ক কার্যত অবরুদ্ধ ছিল। একই দাবিতে শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বেদখল হওয়া বজলুর রহমান হল আজ বৃহস্পতিবার উদ্ধারের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। পরিষদের নেতৃত্বে আছেন ছাত্রলীগের নেতারা। মালিটোলায় অবস্থিত বজলুর রহমান হলটিতে শহীদ জিয়াউর রহমান উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সিটি করপোরেশন।
বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলসহ বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, পুলিশের লালবাগ বিভাগের ডিসি হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চলছে। তিব্বত হল উদ্ধারের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু হয়।
পূর্ব কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ফলে সদরঘাট থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের এ কর্মসূচি চলে। এ সময় ব্যাংকের ভেতরে অনেকে আটকা পড়েন। গত মঙ্গলবার শাখাটির প্রধান ফটকে শিক্ষার্থীদের টাঙানো ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ লেখা ব্যানার ও ফটকে লাগানো তালা গতকালও ছিল। পাশের ছোট ফটক দিয়ে ব্যাংকে আসা-যাওয়া চলেছে।
হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের শাখাটি স্থানান্তর না হওয়া পর্যন্ত ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি: বেলা ১১টার দিকে শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে শিক্ষক সমিতি। সমাবেশে শিক্ষকেরা বলেন, বেদখল হওয়া হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে টানা ১৬তম দিনে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু এখনো সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সমিতি।
সমাবেশে সমিতির সভাপতি সরকার আলী আককাস, সাধারণ সম্পাদক পরিমল বালা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মীর মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের মারধর: একই দাবিতে প্রগতিশীল ছাত্রজোট বেলা ১১টায় ক্যাম্পাসে মিছিল এবং দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন ও সমাবেশ করে। বেলা দেড়টার দিকে ব্যাংকের সামনের সড়কে ছাত্রজোটের নেতা-কর্মীরা হল উদ্ধার নিয়ে স্লোগান লেখার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম তাঁদের সড়ক থেকে সরতে বলেন। তা না করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-আমিন ও দপ্তর সমপাদক শেখ শুভকে মারধর করেন।
জাহিদুল ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই তাঁদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।
মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি বলেন, ক্যাম্পাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলেও তিনি ছিলেন না।
ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা ও ছাত্র ফেডারেশনের সভাপতি তাহমিদা ইসলাম। তাঁরা এ ঘটনায় সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সভা: গতকাল বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি সদরঘাট শাখার জায়গা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে সভায় বেশির ভাগ পরিচালক ছাড়াও ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।
সভা শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানান, আইনগতভাবে ওই জায়গার মালিক বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের শাখা কার্যালয় হিসেবে এর নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। গতকাল পর্ষদ সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর আবারও চিঠি দেওয়া হবে।