ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড
গ্রাহকের অর্থ আত্মসাতের দুই মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়াকে ছয় বছরের কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন আদালত। তিনি রূপালী ব্যাংক চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ীতে অবস্থিত মহিলা শাখার সাবেক কর্মকর্তা।
আজ সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রূপালী ব্যাংক চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ীতে অবস্থিত মহিলা শাখার সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়ার বিরুদ্ধে ২০০০ সালের ১ আগস্ট দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিদর্শক সিরাজুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পূরবী বড়ুয়া ১৯৯৬ সালে ব্যাংকের সাতজন গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়ে গ্রাহকের জমা বইয়ে ব্যাংকের সিল সই দেন। কিন্তু তাঁদের হিসাব নম্বরে ১ লাখ ৪৫ টাকা জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। পরের বছর ২৮ জন গ্রাহকের ৯ লাখ ৩৪ হাজার ৪৬৬ টাকা তাঁদের হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
তদন্ত শেষে দুই মামলায় তাঁর বিরুদ্ধে ২০১২ সালের ১৯ জুলাই অভিযোগপত্র দেয় দুদক। এক মামলায় ১৫ জন এবং অন্য মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দুই মামলায় তিন বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে গ্রাহককের কাছ থেকে আত্মসাৎ করা টাকা ফেরত দিতে বলা হয়েছে। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।