ব্যাংকের সিবিএ নেতা গ্যাস কোম্পানির ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গ্যাস-সংযোগের কাজ বিঘ্নিত
রাজশাহীতে গ্যাস-সংযোগের কাজ বিঘ্নিত

রাজশাহীতে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের (রাইজার উত্তোলন) ঠিকাদারি কাজ করছেন অগ্রণী ব্যাংক উল্লাপাড়া শাখার একজন সিবিএ নেতা।আইন অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মচারী ঠিকাদারি ব্যবসা করতে পারেন না। অথচ সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখা অগ্রণী ব্যাংকের এমএলএসএস (গুদামরক্ষক) কামরুল হাসান রাজশাহী শহরে সরকারের পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) সঙ্গে দিব্যি ঠিকাদারি ব্যবসা করে যাচ্ছেন।অভিযোগ রয়েছে, অনিয়মের কথা বলতে গেলেই রাইজার উত্তোলন বন্ধ করে দেন কামরুল। এর আগে একবার স্থানীয় সাংসদ বিষয়টি মীমাংসা করেন। এখন চার দিন ধরে তিনি রাইজার উত্তোলন বন্ধ করে দিয়েছেন। ফলে রাজশাহী শহরে আবাসিক গ্যাস-সংযোগের কাজ বিঘ্নিত হচ্ছে। পাইপলাইনের সঙ্গে বাড়ির সংযোগকারী যন্ত্রটিকে রাইজার বলে। আর রাইজার স্থাপনকে রাইজার উত্তোলন বলা হয়। পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হোসেন প্রথম আলোকে বলেন, রাইজার উত্তোলনের ঠিকাদার হিসেবে তিনি কামরুল ইসলামকে চেনেন। তবে তিনি অন্য কোথাও চাকরি করেন কি না, এটা তাঁর জানার বিষয় নয়। অগ্রণী ব্যাংকের কর্মচারী হয়ে তিনি সরকারের কোম্পানির সঙ্গে ব্যবসা করতে পারেন কি না, জানতে চাইলে এমডি বলেন, সেটা অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের দেখার বিষয়।

এমডি আরও বলেন, কামরুলের একটি লাইসেন্স তাঁর স্ত্রীর নামে। এটি দিয়ে তিনি বাড়ির ভেতরের কাজগুলো করেন। আর রাইজার উত্তোলনের কাজটি তিনি অন্য ঠিকাদারের লাইসেন্স দিয়ে করেন।

এই কামরুল ব্যাংক কর্মচারীদের নির্বাচিত সিবিএর সম্পাদক। তবে এই ব্যাংকের উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক প্রসাদ কান্তি লাহিড়ী বলেন, তাঁর জানামতে, কামরুল হাসানের নিজের নামে লাইসেন্স নেই। তিনি অন্যের লাইসেন্স দিয়ে কাজ করেন। এ ক্ষেত্রে ঠিকাদারি করতে তাঁর বাধা নেই।

পিজিসিএল সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের আগে গত ১৫ জুন রাজশাহীতে তড়িঘড়ি করে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। কিন্তু রাইজার উত্তোলনের জন্য নিয়ম অনুযায়ী দরপত্র করে কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি। এর আগে সিরাজগঞ্জে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসকে রাজশাহীতে দুই হাজার রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজ করছেন না। পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের প্রতিনিধি হয়ে কাজ করছেন কামরুল। একই সঙ্গে তাঁর নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘তালুকদার ইঞ্জিনিয়ারিং সার্ভিস’ রাজশাহীতে রাইজার উত্তোলনের পরবর্তী অংশের কাজ করছে।

যোগাযোগ করা হলে ওই ব্যাংকের সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তৌফিকুল ইসলাম বলেন, কামরুল ইসলামকে তিনি চেনেন, চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করেন। কিন্তু পিজিসিএলের ঠিকাদারি করেন কি না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, ব্যাংকে চাকরি করে কোনোভাইে তিনি ঠিকাদারি করতে পারেন না। তিনি খোঁজ নেবেন বলে জানান।

উল্লাপাড়া শাখায় চাকরি করে রাজশাহীতে কীভাবে পিজিসিএলের ঠিকাদারি করছেন, ব্যাংকে কীভাবে হাজিরা দিচ্ছেন কামরুল, জানতে চাইলে টেলিফোনে ব্যাংকের একজন কর্মকর্তা হাসতে হাসতে বলেন, ‘দু-এক দিন এদিক-ওদিক হয়।’

অভিযোগ উঠেছে, রাইজার উত্তোলনের কাজে কামরুল নিয়ম মানছেন না। এ নিয়ে অন্য ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মাসের শেষের দিকে এঁদের হাতে কামরুল লাঞ্ছিত হন। এরপর রাইজার উত্তোলনের কাজ বন্ধ করে দিলে রাজশাহীতে গ্যাস-সংযোগে অচলাবস্থা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করার জন্য রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা পিজিসিএলের রাজশাহী কার্যালয়ে গিয়ে মীমাংসা করে দেন।

ফজলে হোসেন প্রথম আলোকে বলেন, রাজশাহীতে গ্যাস-সংযোগের স্বার্থে তিনি ঠিকাদার কামরুল ইসলামের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। ১৪ সেপ্টেম্বর এই শ্রেণীর ঠিকাদার সমিতিকে নিয়ে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন তিনি।

অভিযোগ আছে, পিজিসিএলের একজন উপমহাব্যবস্থাপক কামরুলকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর গাড়িতেই তিনি রাজশাহী-সিরাজগঞ্জ যাতায়াত করেন। পিজিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্রয়ের কারণে তিনি নিচের স্তরের কোনো কর্মকর্তাকে পাত্তা দেন না।

এসব বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও কামরুল ইসলামকে পাওয়া যায়নি। গত বুধবার অগ্রণী ব্যাংকের উল্লাপাড়া শাখায় যোগাযোগ করা হলে ব্যবস্থাপক প্রসাদ কান্তি লাহিড়ী বলেন, ‘কামরুল ইসলাম বাইরে আছেন। আমি আপনার মোবাইলে ফোন দিয়ে কথা বলতে বলব।’ দুপুরে আবারও ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,     আপনার নম্বর তাঁকে দেওয়া হয়েছে। তিনি কথা বলবেন। কিন্তু তিনি আর কথা বলেননি।