ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাৎ চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
বিদেশ থেকে পণ্য আমদানির নামে নগরের একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে এক ব্যবসায়ী ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় ব্যাংকের পক্ষে আইন ব্যবস্থাপক গতকাল মঙ্গলবার মামলা করেন। কোতোয়ালি থানায় করা এজাহারে নগরের খাতুনগঞ্জ শাখা ‘দি সিটি ব্যাংক লিমিটেড’-এর মোট ১৯ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৯০১ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত হয়। মামলাটি করেন সিটি ব্যাংক লিমিটেডের আইন ব্যবস্থাপক এ বি এম জহিরুল ইসলাম। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন বলেন, ‘সিটি ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে একজন ব্যবসায়ী ঋণ নিয়ে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’ ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরী নগরের টেরি বাজারের জে এস প্লাজার মেসার্স সিদ্দিক ট্রেডার্সের মালিক বলে এজাহারে উল্লেখ করা হয়। তিনি শহরতলির দক্ষিণ কাট্টলীর কামাল চেয়ারম্যান বাড়ির মৃত আবু ছিদ্দিক চৌধুরীর ছেলে। নগরের খাতুনগঞ্জের নুরুল আবছার চৌধুরী মার্কেটে তাঁর আরও একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এজাহারে বলা হয়, ২০০৮ সালের ২৯ আগস্ট আবু সাঈদ চৌধুরীর নামে ঋণ মঞ্জুর করা হয়, যার মঞ্জুরিপত্র নম্বর সিবিএল/সিটিজি/সিএডি/১১/২০১। এতে ১৮ কোটি টাকা বিশ্বাসভিত্তিক আমদানি ঋণ এবং এক কোটি টাকা রিভলবিং ওডি ঋণ ছিল। এজাহারে আরও বলা হয়, ২০১১ সালের অক্টোবর থেকে একই বছরের ডিসেম্বরের মধ্যে মোট আট কিস্তিতে সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে আমদানি ঋণ বাবদ মোট ১৯ কোটি টাকা তুলে নেন ব্যবসায়ী আবু সাঈদ। ওই ঋণের মঞ্জুরিপত্রে ইউক্রেন ও রাশিয়া থেকে সরিষা দানা আমদানি করার কথা উল্লেখ ছিল। পরে সুদে-আসলে আবু সাঈদের কাছে ব্যাংকের পাওনা ১৯ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৯০১ টাকা দাঁড়ায়। ঋণের শর্ত অনুসারে আমদানি করা পণ্য আমদানিকারকের নিয়ন্ত্রণে গুদামে রাখা হবে এবং পণ্য বিক্রির মাধ্যমে ১২০ দিনের মধ্যে ঋণের টাকা সমন্বয় করা হবে। আরও শর্ত ছিল, পণ্য বিক্রির টাকায় সুদে-আসলে ঋণের টাকা উঠে না এলে আমদানিকারক নিজ উদ্যোগে ঋণের টাকা শোধ করবেন।এজাহারে বলা হয়, ব্যাংক আসামিকে বিশ্বাস করে আমদানি করা মালামাল আসামির নিজ গুদামে রাখার সুযোগ দিয়েছিল। কিন্তু গত ৫ আগস্ট ব্যাংকের প্রতিনিধিদল ওই নির্ধারিত গুদামে গিয়ে মালামালের কোনো অস্তিত্ব পায়নি। ব্যাংকের প্রতিনিধিদল গুদাম পরিদর্শনের সময়ও ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন না বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।