ব্যাখ্যা চেয়ে সাইফ পাওয়ারকে মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় প্রাক-যোগ্য হিসেবে বাছাই করা সাইফ পাওয়ারটেক লিমিটেডকে সাতটি বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব বাইতুল আমিন ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এসব বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। পাশাপাশি পিএসএ ইউরোপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছে কোম্পানি-সংশ্লিষ্ট তিনটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত মাসে বন্দরের একটি মূল্যায়ন কমিটি এই দুটি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য হিসেবে নির্বাচনের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। তবে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, সাইফ পাওয়ারটেক লিমিটেড সাতটি মানদণ্ডের চারটিই পুরোপুরি পূরণ করেনি। এগুলোকে ছোটখাটো ত্রুটি বলে উল্লেখ করা হয়। তবে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে প্রাক-যোগ্য হিসেবে নির্বাচন করায় মূল্যায়ন কমিটির আহ্বায়ক বন্দরের সাবেক চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদসহ তিনজন সদস্য লিখিতভাবে আটটি আপত্তি দেন।প্রচলিত নিয়মানুযায়ী, বন্দরের মূল্যায়ন কমিটি থেকে আপত্তি দেওয়ায় বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যালোচনা করার কথা। তবে মন্ত্রণালয় এই প্রতিবেদনে চূড়ান্ত অনুমোদন দিলে নিজ দায়িত্বে দিতে হবে। এর আগে প্রথম প্রাক-যোগ্যতার দরপত্রে চারটি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ পাওয়া গেছে, ইতিপূর্বে চারটি প্রতিষ্ঠানকে প্রাক-যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এর পরও শুধু সাইফ পাওয়ারটেককে সুযোগ দেওয়ার জন্য শর্তাবলি শিথিল করে আবার দরপত্র আহ্বান করা হয়।মূল্যায়ন কমিটি সূত্রে জানা গেছে, চীনের চায়না মার্চেন্টস হোল্ডিংস ইন্টারন্যাশনাল লিমিটেড ও নামরিন এন্টারপ্রাইজের সঙ্গে যৌথভাবে সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রাক-যোগ্যতার দরপত্রে অংশ নেয়। এর মধ্যে সাইফের ৫১ শতাংশ এবং পরের দুটি কোম্পানির যথাক্রমে ৩০ ও ১৯ শতাংশ অংশীদার হিসেবে উল্লেখ করা হয়।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাখ্যা চাওয়া সাতটি বিষয়ের মধ্যে রয়েছে—ঋণ জোগাড়ের সক্ষমতার পক্ষে ঋণচুক্তি জমা না দেওয়া, আন্তর্জাতিক মানের অভিজ্ঞ অপারেটর হিসেবে বিবেচনার সুযোগ না থাকা, একচেটিয়া-বিরোধী আইন এবং পরামর্শক সুবিধা প্রদানসংক্রান্ত চার নম্বর ফরম নোটারি না করা, প্রতিষ্ঠানের সহযোগী চায়না মার্চেন্ট হোল্ডিংস কোম্পানি লিমিটেডের আয়কর ও মূল্য সংযোজন কর জমা না দেওয়া, সাইফ পাওয়ারটেক ও সহযোগী প্রতিষ্ঠান নামরিন এন্টারপ্রাইজ প্রকৃত সম্পদসম্পর্কিত আট নম্বর ফরম সই না করা।অন্য দুটি বিষয় হচ্ছে বছরে এই টার্মিনালে ১০ লাখ টিইইউ (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকার কথা। মুখ্য আবেদনকারী হিসেবে এই প্রতিষ্ঠানের গত চার বছরে গড়ে আছে মাত্র পাঁচ লাখ ৪০ হাজার টিইইউ কনটেইনার, যা বিবেচনার সুযোগ নেই। এই প্রকল্পে বিনিয়োগের খরচের (১৩৬ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় মুখ্য আবেদনকারী হিসেবে প্রতিষ্ঠানটির গত তিন বছরে প্রকৃত সম্পদ দেখানো হয়েছে যথাক্রমে ৬ দশমিক ২১, ১২ দশমিক ৫১ এবং ৩৩ দশমিক ৮২ শতাংশ। এর বাইরে পিএসএ ইউরোপকে তিনটি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়। এর মধ্যে রয়েছে পিএসএ ইন্টারন্যাশনাল ও হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে কোনটি সহায়ক এবং কোনটি মূল কোম্পানি, টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতার স্বপক্ষে সঠিক তথ্যপ্রমাণ উপস্থাপন এবং ওই দুটি কোম্পানির মধ্যে কোনটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। প্রথম প্রাক-যোগ্যতা যাচাই দরপত্রে যে চারটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়, তার মধ্যে হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্টের নাম রয়েছে।চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় থেকে প্রাক-যোগ্য প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার পর মূল দরপত্র-প্রক্রিয়া শুরু হবে।