পবিত্র হজে যেতে আখাউড়ার এক বাসিন্দা নিবন্ধন ফরম পূরণ করেন। অথচ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্–নিবন্ধন সিস্টেমে পড়ে পুলিশ প্রতিবেদন কলামে লেখা ‘ইন্তেকাল করিয়াছেন’, এর নিচে লেখা হালনাগাদ ২০ জুন ২০১৭। এই তথ্য সংশোধন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জীবিত ওই ব্যক্তি মো. আজাদ হোসেন ভূঁইয়া।
আজাদ হোসেনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ওসিকে তলব করেছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন। ওই প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা জানাতে ২৩ জুলাই ওসিকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কায়সার জাহিদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।
পরে আইনজীবী কায়সার জাহিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতিবেদনে মৃত উল্লেখ করায় আজাদের হজে যাওয়ার পরবর্তী প্রক্রিয়া আটকে আছে।
রুলে পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও আখাউড়া থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।