চিকিৎসায় অবহেলার কারণে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ব্যাখ্যা জানাতে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল তাঁকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক জামিন আবেদনের শুনানিকালে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা হাসপাতালে স্কুলছাত্রী ইমা আক্তারকে ভর্তি করেন তার ভাই হেলাল উদ্দিন। ২৫ জানুয়ারি ইমা মারা যায়। ওই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় হেলাল মামলা করেন। এতে জেলা হাসপাতালের চিকিৎসক এইচ আর হাবিব, সেবিকা আকলিমা খাতুন ও ঝাড়ুদার রাফিজা ওরফে নিলুফার ওরফে নিলুকে আসামি করা হয়।এ নিয়ে ২৭ জানুয়ারি ‘ঝাড়ুদারের ইনজেকশনে স্কুলছাত্রীর মৃত্যু’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ১০ মার্চ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই চিকিৎসক। শুনানি নিয়ে গতকাল আদালত ওই চিকিৎসকের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন, পাশাপাশি তলবের আদেশ দেন।জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ইফফাত গিয়াস। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।গাজী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, এইচ আর হাবিবের জামিন মঞ্জুর করে আদালত আবেদন নিষ্পত্তি করেছেন। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ৪ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছেন।