ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে হাজির করার বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকার কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) ও জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ মার্চ তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাবন্দী ১০ জনকে গতকাল হাইকোর্টে হাজির করা হয়। তাঁদের মধ্যে চারজনের পায়ে-হাতে ডান্ডাবেড়ি ছিল। তাঁদের বক্তব্য শোনার সময় বিষয়টি নজরে এলে আদালত ওই আদেশ দেন।
সিলেট ও খুলনা বিভাগের কারাগারে দীর্ঘদিন এসব বন্দীর থাকার তথ্য হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির এক আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ১০ জনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল দেন। ১০ জনকে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার নথি তলব করেন। গতকাল সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১০ জনকে হাইকোর্টে হাজির করা হয়।
আদালতে লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি শুনানি করেন। আদালতের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওই বন্দীরা। শুনানিকালে দেখা যায়, চারজন বন্দীকে ডান্ডাবেড়ি পরিয়ে আনা হয়েছে। পরে আদালত আদেশ দেন।
পাশাপাশি নথি না আসা নয়জনের মামলার নথি ৯ মার্চের মধ্যে পাঠাতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেন। অপরজন ফারুক হোসেনের মামলার বিচার তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তিনি জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ৯ মার্চ বিষয়টি আসবে বলে জানান আদালত।