ব্যাখ্যা জানাতে শিল্পসচিবকে হাইকোর্টে তলব
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি তাঁকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর কাছ থেকে অর্থ আদায় ও নির্দেশনা প্রতিপালন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই দিন তাঁকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
২০১৬ সালের ১৮ জুলাই আপিল বিভাগ পরিবেশদূষণের ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত মালিকদের রোজ ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ ট্যানারি মালিকদের করা এক আবেদনের নিষ্পত্তি করে ওই আদেশ দিয়েছিলেন।
এর আগে সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকদের সংগঠন আপিল বিভাগে আপিল করে।
হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরায় আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে হাইকোর্ট আদালত অবমাননার রুল দিয়ে শিল্পসচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।