আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিতে আরও দুই সপ্তাহ সময় পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৫ আগস্টের মধ্যে তাঁকে এ জবাব দিতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ আদেশ দেন।
আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তি দেওয়া হবে না, জাফরুল্লাহ চৌধুরীর তা গতকাল ট্রাইব্যুনালে হাজির হয়ে জানানোর দিন ধার্য ছিল। সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন। তাঁর পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার দুই সপ্তাহ সময়ের আবেদন করেন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ৫ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ জুলাই এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তাঁরা বলেন, গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন।