বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতাদের ২৩ জন তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আরও সময় পেলেন। ২৯ এপ্রিল তাঁদের এ ব্যাখ্যা জমা দেওয়ার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল আরও বলেছেন, ২৯ এপ্রিল এই ২৩ জনের যাঁরা দেশে আছেন তাঁদের সবাইকে আদালতে উপস্থিত থাকতে হবে।
গতকাল ১০ জন ট্রাইব্যুনালে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করেন।
এই ২৩ জন হলেন জাফরুল্লাহ চৌধুরী, আফসান চৌধুরী, আনু মুহাম্মদ, মাসুদ খান, শিরীন হক, আলী আহমেদ জিয়াউদ্দিন, রেহনুমা আহমেদ, ফরিদা আখতার, শহীদুল আলম, সি আর আবরার, জিয়াউর রহমান, হানা শামস আহমেদ, আনুশেহ আনাদিল, মুক্তশ্রী চাকমা, লুবনা মরিয়ম, বিনা ডি কস্তা, মাহমুদ রহমান, জারিনা নাহার কবির, লিসা গাজী, শবনম নাদিয়া, নাসরিন সিরাজ, টিবরা আলী ও দেলওয়ার হোসেন। ১ এপ্রিল ট্রাইব্যুনাল আদেশে বলেছিলেন, এই ২৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১ (৪) ধারায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে।
ট্রাইব্যুনালস আইনের ১১(৪) ধারায় আদালত অবমাননার দায়ে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
আদালত অবমাননার দায়ে নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন। ওই বিবৃতির ওপর ভিত্তি করে ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। চলতি বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান। পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ জন বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।