ব্যাখ্যা দিতে সময় পেলেন বার্গম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা জানাতে আবারও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৫ জুনের মধ্যে তাঁকে এ জবাব দিতে হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ আদেশ দেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে বিচারাধীন থাকা অবস্থায় এ নিয়ে কোনো উপসম্পাদকীয় বা মন্তব্য প্রকাশ না করারও আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে অভিযুক্ত বার্গম্যান ছাড়াও তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ এপ্রিল আদেশে ট্রাইব্যুনাল বলেন, নিজের লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে বার্গম্যান যে ব্যাখ্যা দিয়েছেন, তা সন্তোষজনক নয়। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করা হোক। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় বার্গম্যানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ১৫ দিনের মধ্যে বার্গম্যানকে তার জবাব দিতে হবে।

মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ এ-সংক্রান্ত আবেদন করলে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান। আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডটকম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট অ্যানালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দিলে এর ওপর শুনানি হয়।

সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের প্রতিবেদনের জন্য ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সতর্ক’ করে দিয়ে বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর।’