ব্যাখ্যা দিতে হবে চ্যানেল ২৪ ও দুই আলোচককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষ, গণস্বাস্থ্য কেন্দ্রের স্ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন কার্যক্রম হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১০ অক্টোবরের মধ্যে তাঁদের এর ব্যাখ্যা দিতে হবে।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে হবে। বাকিরা তাঁদের আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন।

ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা নিয়ে আপত্তিকর মন্তব্য প্রচারিত হওয়ায় চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠান প্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, ‘মুক্তবাক’-এর সঞ্চালক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

গতকাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১-এ অভিযোগে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। শুনানিতে তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় চ্যানেল টোয়েন্টিফোরে ‘মুক্তবাক’ নামক টক শো প্রচারিত হয়। ওই টক শোতে আলোচক জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘...যা-ই হোক, সে (সাকা চৌধুরী) চারটা সাক্ষীই করেছে, একটা তো বললাম আমাদের সালমান (শিল্পপতি সালমান এফ রহমান), আরেকজন হলেন একজন সিটিং জজ সাহেব (বিচারপতি শামীম হাসনাইন), এই হাইকোর্টের বর্তমান জজ সাহেবকে সে (সাকা চৌধুরী) সাক্ষী মেনেছে এবং উনি (বিচারপতি শামীম হাসনাইন) বলেছেন, উনি সাক্ষী দিতে চান, উনি নাকি দরখাস্ত দিয়েছিলেন, আমাদের মোজাম্মেল হোসেন সাহেবের (প্রধান বিচারপতি) কাছে সাক্ষী দেবার অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেয়া হয়নি।...সালাউদ্দিন কাদের চৌধুরীকে মনে-প্রাণে ঘৃণা করি আমি, এই লোক দাবি করেছে সে ছিল না, সে হাসনাইন নামের এক জজ সাহেবকে সাক্ষী মেনেছে, সেই জজ সাহেবকে কেন সাক্ষী দেন নাই, এটাকে যদি না দেওয়া হয়, তাহলে কি বিচারের বাণী নিভৃতে কাঁদবে না? ...এই বিচারক কেন সাক্ষী দেবে না?’ ওই টক শোর অপর আলোচক মাহফুজউল্লাহ বলেন, ‘...উনি (সাকা চৌধুরী) চারজন সাফাই সাক্ষীর নাম দিয়েছেন, যেটা অন্যদের ক্ষেত্রেও গ্রহণ করা হয়েছে শুধু তাঁর (সাকা চৌধুরী) ক্ষেত্রে সাফাই সাক্ষীদের গ্রহণ করা হয়নি।...’

শুনানিতে জেয়াদ-আল-মালুম আরও বলেন, সাকা চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা ট্রাইব্যুনাল পাঁচজনে নির্ধারণ করে দেন। আসামিপক্ষের এই পাঁচ সাক্ষীর মধ্যে বিচারপতি শামীম হাসনাইন কেন সাক্ষ্য দিতে পারেননি, সেটাও ট্রাইব্যুনাল আদেশের মাধ্যমে উল্লেখ করেছেন। তার পরও এ বিষয়ে জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া আসামি সাকা চৌধুরীসহ চারজন সাফাই সাক্ষী হিসেবে এই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এবং সেটা বাংলাদেশের সব ধরনের গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। অথচ সাকা চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি—মাহফুজউল্লাহর এ ধরনের বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনাল ও এর বিচারিক প্রক্রিয়াকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

গত ১৪ আগস্ট এই ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম শেষ হলে রায় অপেক্ষমাণ রাখা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ৪১ জন, বিপরীতে আসামিপক্ষে চারজন সাক্ষ্য দেন।