ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের মিরসরাইয়ে আজ রোববার সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এক তথ্যবিবরণীতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।বিবরণীতে বলা হয়, ‘সাধারণ সমাবেশ করার ব্যাপারে কোনো আপত্তি নেই। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, বরং জনগণের জানমাল রক্ষার্থে পূর্বসতর্কীকরণ ব্যবস্থা। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।’ এতে আরও বলা হয়, ‘আজ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের স্পষ্টীকরণের লক্ষ্যে জানানো যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে যদি কোন রাজনৈতিক দল এমন কোন কর্মসূচি দেয় যাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, নিরাপত্তাহীনতা কিংবা নাশকতার আশঙ্কা থাকে বা সেরূপ লক্ষণ পরিলক্ষিত হয়, তবে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে সেসব দলের সভা-সমাবেশের কর্মসূচি পালনের অনুমতি দেবে না সরকার।’