ব্যাগ কাঁধে মেয়েটি আবার যাবে স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। অতিথিরাও চলে এসেছেন। কয়েক ঘণ্টা পরই বিয়ে হবে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। এর মধ্যে ঘটে ছন্দপতন। বিয়েবাড়িতে হাজির হয় একদল পুলিশ। তাঁদের কাছে অভিযোগ এসেছে, কনে নাবালিকা। অতএব, বিয়ে বন্ধ।বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলোকদিয়ার গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। বর একই গ্রামের আবদুস ছাত্তারের ছেলে রুবেল মিয়া (২০)। কনে ওই গ্রামেরই।গ্রামবাসী জানান, খবর পেয়ে রাতে শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কনের বাড়িতে হাজির হয়। পুলিশ বিয়ের আয়োজকদের বোঝায়, এই বিয়ে হলে আইন অনুযায়ী বর ও কনের অভিভাবকদের দণ্ড হয়ে যাবে। এরপর বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। বিয়ে ভেঙে যাওয়ায় খুশি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী। নতুন করে ব্যাগ কাঁধে সহপাঠীদের সঙ্গে স্কুলে যেতে পারবে বলে তার আনন্দ যেন আর ধরে না।