ব্যাগটি ঢাকা যেতে পারলেও আমি যেতে পারিনি'
মহাসড়কে বিপর্যয়ের পাশাপাশি পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে চলাচল করছে।
উল্লাপাড়া স্টেশনে উপস্থিত ঢাকার যাত্রী গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি। চার ঘণ্টা পর ট্রেন এলেও যাত্রীদের চাপের কারণে উঠেতে পারিনি। ট্রেনের দরজায় যাত্রীরা উঠে বাধা সৃষ্টি করে রেখেছে। ছাদে ওঠার জন্য ব্যাগটি ওপরের পরিচিত একজনের কাছে দিলাম। পরে নিজে উঠতে উঠতেই ট্রেনটি ছেড়ে দিল। যে কারণে ব্যাগটি ঢাকা যেতে পারলেও আমি যেতে পারিনি।’
আজ শনিবার শহীদ এম মনসুর আলী রেলস্টেশন, উল্লাপাড়া ও লাহীড়িমোহনপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ঢাকামুখী অতিরিক্ত যাত্রীর চাপে স্টেশনে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। অনেক যাত্রী পরিবার পরিজন নিয়ে চাতক পাখির মতো চেয়ে আছেন কখন ট্রেন আসবে। স্টেশন সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনটি সকাল ছয়টায় যাওয়ার কথা থাকলেও সেটি পাঁচ ঘণ্টা দেরিতে দুপুর ১২টার দিকে ছেড়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি সকাল সাড়ে নয়টার পরিবর্তে প্রায় চার ঘণ্টা দেরিতে বেলা দুইটার দিকে গেছে। বিশেষ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকায় যাত্রীদের চাপ আরও বেড়ে গেছে।
লাহীড়িমোহনপুর গ্রামের আবদুল মান্নান জানান, আগে থেকে টিকিট কেটে তিন দিন ধরে পরিবার পরিজন নিয়ে উল্লাপাড়া স্টেশনে আন্তনগর ট্রেনে উঠতে না পেরে ফিরে এসেছি। এ রকম প্রতিদিন শত শত লোক ট্রেনে উঠতে না পেরে ফিরে গেছে।
মনসুর আলী স্টেশনের যাত্রী আনোয়ার হোসেন জানান, ‘ভেতরে জায়গা পাব না ভেবে আগে থেকেই মইয়ের মালিককে বলে রেখেছিলাম আমাকে ছাদে তুলে দিতে। ২০ টাকার বিনিময়ে ছাদে উঠেছি। ঢাকায় যেভাবেই হউক পৌঁছতে পারব ইনশাআল্লাহ।’
মোহনপুর রেলস্টেশনের বেসরকারি ট্রেনের টিকিট বিক্রেতা আবদুর রহমান বলেন, ‘সকাল ছয়টার ট্রেনে ২৫ হাজার টাকার টিকিট বিক্রয় করেছিলাম। পরে যাত্রীরা উঠতে না পারায় বিশ হাজার টাকা ফেরত দিতে হয়েছে।’
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, ‘যাত্রীদের বাধা দিলেও তারা জোর করে ছাদে উঠছে। যে কারণে মই ব্যবসায়ীরা সুযোগটি কাজে লাগাচ্ছেন। তার পরও আমরা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছি।’
সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. আজাহার আলী বলেন, ‘ঈদের পরে বিভিন্ন রেলস্টেশনে যাত্রীদের ওঠানামায় সময় বেশি লাগায় প্রতিটি ট্রেন চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকায় যাচ্ছে। কোনো ট্রেনই সঠিক সময়ে যেতে পারছে না।’