ব্যাগবন্দী লাশটি মিরপুরের স্বর্ণ ব্যবসায়ীর
ব্যাগবন্দী মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লকের স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমান (২৫)। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। গত শনিবার রাতে পুলিশ পাইকপাড়া আনসার ক্যাম্পের উল্টো দিকের ডাস্টবিনের পাশ থেকে বড় একটি ব্যাগে ভরা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে। গতকাল রোববার একাধিক দৈনিকে এ সংবাদ ছাপা হওয়ার পর মিজানের ভাই আইউব আলী মিরপুর থানায় ছবি দেখে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। মিজান ছিলেন অবিবাহিত। তিনি তাঁর মা মাবুদা খাতুনকে নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লকের ২০ নম্বর সড়কের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।নিহত মিজানের ভাই আইউব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লকের মসজিদ মার্কেটে দ্য মিজান জুয়েলার্স নামে মিজানের একটি স্বর্ণের দোকান রয়েছে। পাশেই তাঁর নিজেরও একটি স্বর্ণের দোকান আছে। গত শনিবার সকাল ১০টার দিকে মিজান তাঁর দোকান খুলে বসেন। এ সময় এক যুবক এসে মিজানকে বলে, তাদের একটি বিয়ের অনুষ্ঠানে অনেক গয়না লাগবে। গয়না পছন্দের জন্য মিজানকে অলংকারের নমুনা বইসহ তাদের বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর অন্য এক যুবক এসে মিজানের দোকানের কলাপসিবল গেটের তালা খোলার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিতে গেলে ওই যুবক জানায়, মিজান মিরপুর ১০ নম্বরে আছেন। মিজানই দোকান খুলে তাকে ভেতরে বসতে বলেছেন।আইউব জানান, তিনি ওই যুবককে মিজানের জন্য তাঁর দোকানে বসে অপেক্ষা করতে বলেন। কিন্তু ওই যুবক না বসে চলে যায়। এর পর থেকে মিজানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাসায় ফিরে না এলে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাঁর মনে হচ্ছে, মিজানের হত্যার সঙ্গে ওই যুবকেরা জড়িত ছিল। খুনিরা মিজানের পূর্বপরিচিত বলে তিনি মনে করেন।