ব্যাগভরা স্বপ্ন
নতুন ব্যাগ! এটি সে বুক দিয়ে আগলে রেখেছে। কারণ, ব্যাগের মধ্যে লুকিয়ে আছে লেখাপড়া শিখে মানুষ হওয়ার স্বপ্ন। এ ব্যাগ নিয়ে সে মঞ্চ থেকে আর নামতে পারছে না। একবার ডান দিকে, আরেকবার বাঁ দিকে যায়। অবশেষে মায়ের সহায়তায় সেখান থেকে নিচে নেমে আসে। নতুন ব্যাগ পেয়ে স্বপ্নে বিভোর হওয়া এই শিশুর নাম আশিক কুমার।
আশিক রাজশাহীর পবা উপজেলার হরিয়ান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং হরিয়ান হরিজন পল্লির বাসিন্দা। ৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার হরিজন পল্লি ও আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। অন্যদের মতো সেও ব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়; দেখতে শুরু করে স্বপ্ন। ওই দিন বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১০২ জন শিশুর হাতে ব্যাগগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম। প্রতিটি ব্যাগের মধ্যে কলম, খাতা, পেনসিল, টুথপেস্ট, হাতঘড়ি, সাবান, জ্যামিতি বক্সসহ নানা ধরনের উপহারসামগ্রী ছিল। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অংশ নেন।
ব্যাগ পেয়ে উপজেলার তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রপেন মুরমু বলে, ‘একন রুদ আছুক আর বিস্টি আছুক ইশকুলে হামি যাবই।’ ভূতডাইং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণীর ছাত্রী দরদি টুডু বলে, ‘আমাদের আগে কোনো বেগ (ব্যাগ) চিল না। এখন বেগ পেয়ে কুব বালো হলো।’
অনুষ্ঠানে উপস্থিত ইউএনও বলেন, জীবনের লক্ষ্য হতে হবে বড়। লক্ষ্য বড় না থাকলে কেউ বড় হতে পারবে না। তিনি আরও বলেন, ‘চাকরিতে আদিবাসীদের যে কোটা রয়েছে, যোগ্য প্রার্থী না থাকায় তা পূরণ করা যায় না। তাই লেখাপড়া শিখে তোমাদের সেই কোটা পূরণ করতে হবে।’ একপর্যায়ে তিনি সমস্যার কথা জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, টাকার অভাবে অনেকে পরীক্ষার ফি জমা দিতে পারে না। যথাসময়ে বই পায় না। ইউএনও তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।