ব্যাগে এবার রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বৈশাখী কেনাকাটার বাজারে গতকাল থেকে ছাড়া হয়েছে এই ব্যাগ l ছবি: প্রথম আলো
সিলেটে বৈশাখী কেনাকাটার বাজারে গতকাল থেকে ছাড়া হয়েছে এই ব্যাগ l ছবি: প্রথম আলো

কাগজের ব্যাগ সবার হাতে হাতে থাকে। তাতে যদি থাকে মৌলিক কোনো প্রচারণা, তাহলে হাতে হাতে তাও প্রচারিত হবে—এই ভাবনা থেকেই শুরু করেছিলেন ব্যাগ বানানো। সেই ধারাবাহিকতায় রানা প্লাজা ট্র্যাজেডিকে স্মরণ করে ব্যাগ তৈরি করলেন সিলেটের অরূপ দাশ ও উজ্জ্বল চক্রবর্তী।
এর আগে তাঁরা ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘরের ১৪০ বছর পূর্তি উপলক্ষে ও দখলে-দূষণে বিপন্ন হওয়া সুরমা নদী নিয়ে ‘নদী বাঁচাও’ আহ্বানে ব্যাগ তৈরি করেছিলেন। ‘পোশাকশ্রমিক হত্যা বন্ধ কর’ স্লোগানে গাঢ় খয়েরি রঙের কাগজের ব্যাগের দুই পিঠে রক্তলাল ছাপচিত্রে একটি মুখ আঁকা হয়েছে। কঙ্কালের অবয়বের ওই মুখের এক পাশে ছোপ ছোপ রক্ত। নিকষ কালোর এ ছাপচিত্রে বোঝানো হয়েছে পোশাকশ্রমিকদের অবস্থা। এসব এঁকেছেন অরূপ দাশ, প্রচার করছেন উজ্জ্বল চক্রবর্তী।
সিলেটের নাট্য সংগঠন ‘নগরনাট’-এর সভাপতি অরূপ। উজ্জ্বল একই নাট্যসংগঠনে সম্পৃক্ত থাকলেও পেশায় ব্যবসায়ী। রানা প্লাজা নিয়ে ব্যাগ তৈরি সম্পর্কে উজ্জ্বল বলেন, ‘নিজে সংস্কৃতি অনুরাগী হলেও ব্যবসাটা পোশাকের। তাই পোশাক কারখানার ঘটনায় আলোড়িত হয়েছি।’ ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে আনুষ্ঠানিকভাবে ওই ব্যাগ উন্মোচন করা হবে বলে জানান তিনি।