ব্যাগে পিস্তল নিয়ে বিমানে ওঠার আগে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার ব্যাগে পিস্তল নিয়ে বিমানে ওঠার আগে মাশফুক মাহমুদ খান (৩০) নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। পিস্তলটির লাইসেন্স তাঁর দাদার নামে। তিনি চট্টগ্রাম থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে ঢাকায় এসে সিলেটে যাওয়ার জন্য অপর একটি সংস্থার বিমানে ওঠার আগে নিরাপত্তা তল্লাশির (স্ক্যানিং) সময় তাঁর ব্যাগে পিস্তলটি পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, মাশফুক বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারলাইন্সের বিমানে করে ঢাকায় আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে তাঁর সিলেট যাওয়ার কথা ছিল। কিন্তু সিলেটগামী বিমানে ওঠার আগে নিরাপত্তা তল্লাশির সময় তাঁর ব্যাগে অস্ত্রের অস্তিত্ব ধরা পড়ে। নিরাপত্তাকর্মীরা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫টি গুলি উদ্ধার করেন। তাঁকে আটক করে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া মাশফুকের বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায়।বিমানবন্দর থানার পুলিশ জানায়, চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি ফাঁকি দিয়ে মাশফুক অস্ত্রটি নিয়ে বিমানে উঠেছেন। এটা কীভাবে সম্ভব হলো, তা তদন্তসাপেক্ষ। আইনানুযায়ী কেউ অস্ত্র নিয়ে বিমানে উঠতে চাইলে তাঁকে বিমানে ওঠার আগেই তা কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষ অস্ত্রটি বিশেষ ব্যবস্থায় গন্তব্যে পাঠাবে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী জানান, বড় বিষয় হলো পিস্তলটির লাইসেন্স মাশফুকের দাদা আজম খানের নামে। অস্ত্র আইন অনুযায়ী একজনের নামে লাইসেন্স করা অস্ত্র অন্যজন বহন করা দণ্ডনীয় অপরাধ। এ জন্য মাশফুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, মাশফুক ব্যক্তিগত নিরাপত্তার কারণে অস্ত্রটি বহন করছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।