ব্যাগের বোঝা কমাতে একমত অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর কাঁধে চেপে বসেছে ব্যাগের বোঝা। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোড থেকে তোলা। ছবি: জাহিদুল  করিম
শিশুর কাঁধে চেপে বসেছে ব্যাগের বোঝা। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধ থেকে ব্যাগের বোঝা কমাতে অভিভাবকেরা একমত। এ জন্য তাঁরা ভিন্ন উপায় বাতলেছেন। হস্তক্ষেপ চেয়েছেন সরকারের।
গতকাল রোববার রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (আজিমপুর শাখা), ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের কথায় এমন মনোভাবই বেরিয়ে এসেছে।
গত ২১ নভেম্বর প্রথম আলোয় ‘স্কুলের ব্যাগটা বড্ড ভারী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে পাঠকমহলে তীব্র প্রতিক্রিয়া হয়। প্রথম আলো ডটকমে পাঠকেরা এই ব্যাগের বোঝা কমাতে জোরালো মন্তব্য করেন। ওই সংবাদটি ছিল সর্বোচ্চ পঠিত ও আলোচিত খবর।
গতকাল উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন হাফিজ খান। ওই বিদ্যালয়ে তাঁর সন্তান দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেখুন, আমাদের শহরের বিদ্যালয়গুলোর আগে শেখানো বা পড়ানোর প্রবণতা বেশি। কেজি শ্রেণিতে পড়ানো হয় দ্বিতীয় শ্রেণির সিলেবাস। অথচ সেটা দ্বিতীয় শ্রেণিতে পড়ালে বাচ্চার কোনো ক্ষতি নেই। শিক্ষকদের উচিত হবে বাচ্চাদের আগে শেখানোর প্রবণতা বাদ দেওয়া। তাহলে হয়তো বইয়ের বোঝা কমানো সম্ভব।’
স্কুলের ব্যাগটা বড্ড ভারী
একই বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন আরেকজন অভিভাবক হাসান আলী। তাঁর মত, বিদ্যালয়ে বাচ্চাদের একটি শেলফ রাখা দরকার। যেটা ক্লাসটিচার নিয়ন্ত্রণ করবেন। সেখানে ক্লাসের বইয়ের কিছু রাখলে বইয়ের চাপ কমবে।
ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের একজন অভিভাবক জান্নাতুল ফেরদৌস বলেন, বাচ্চাদের তো বেশির ভাগ সময় ব্যাগ বহন করতে হয় না, এটা অভিভাবকেরা করেন। কিন্তু যাদের একের অধিক বাচ্চা-কাচ্চা, তাদের ছেলেমেয়েরা ভারী ব্যাগ বহন করার মতো সমস্যায় পড়তে পারে।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন অভিভাবক আফরোজা জাহান বলেন, ‘সরকারের দেওয়া বইয়ের বাইরে অনেক বই পড়ানো হয়। অথচ এগুলো পড়ানোর দরকার নেই। কিন্তু আমাদের কথায় কেউ কোনো গুরুত্ব দেয় না।’

শিশুরা তাদের সামর্থ্যের চেয়ে বেশি ওজনের স্কুলব্যাগ বয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাই স্কুলব্যাগের বোঝা কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ছবি: জাহিদুল করিম
শিশুরা তাদের সামর্থ্যের চেয়ে বেশি ওজনের স্কুলব্যাগ বয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাই স্কুলব্যাগের বোঝা কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ছবি: জাহিদুল করিম

এই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘স্কুলে সব বাচ্চার জন্য যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যায়, তাহলে তো বাচ্চাদের পানির বোতল আনতে হয় না। অথচ আমাদের বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই।’ অভিভাবক সাঈদ আহমেদ পুষ্টিকর বিস্কুট সরবরাহের পাশাপাশি বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মিতা হক। তাঁর মতে, কোন বয়সের শিক্ষার্থীদের কতটুকু পড়ানো প্রয়োজন, তাদের ধারণক্ষমতা কেমন, সেটা নিয়ে সরকারি পর্যায়ে একটা গবেষণা করা যেতে পারে। এরপর সরকার সেই অনুযায়ী একটি নির্দেশ জারি করলেই সমস্যা কিছুটা লাঘব হবে।
আরেকজন অভিভাবক দিলশাত হোসেন বলেন, ‘আমার বাচ্চাকে ক্লাসের ফার্স্ট হতে হবে, এ জন্য যা করার করব। এ ধরনের চিন্তা বাদ দিতে হবে।’ তাঁর মতে, এমন চিন্তা থেকেই বাচ্চাদের ব্যাগভর্তি বইখাতা বহন করা লাগে।