ব্যাগের ভেতর গাঁজা ঢুকিয়ে পরে ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রলীগ পরিচয় দিয়ে কিছু যুবক এসে প্রথমে আমার ব্যাগ খুলে গাঁজার প্যাকেট ঢুকিয়ে দেয়। পরে ওরা বলে তোর কাছে গাঁজা আছে, পুলিশে ধরিয়ে দেব। এই বলে ধমকি দিয়ে তারা আমার মুঠোফোন ও নগদ ৪০০ টাকা নিয়ে গেছে।’
সব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে পুলিশের কাছে কথাগুলো বলেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আাাসা শামসুল হুদা। শামসুল হুদার কাছে থাকা সব টাকা ছাত্রলীগ নামধারী ব্যক্তিরা নিয়ে নেওয়ায় তিনি বাসায় যেতে পারছিলেন না। পরে কয়েকজন শিক্ষার্থী গাড়ি ভাড়ার টাকা দিয়ে তাঁকে চট্টগ্রাম শহরের বাসায় পাঠায়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত ছিনতাইসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। শুধু শামসুল হুদা নন, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ছাত্রলীগ নামধারী এসব ব্যক্তির হাতে সর্বস্ব খুইয়েছেন। এ ঘটনায় মুঠোফোন ও টাকা হারানো জনৈক অভিভাবক মো. ফয়সালের অভিযোগের ভিত্তিতে পুলিশ সৈমন দত্ত নামের বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে। এ সময় তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ। সৈমন ও তাঁর সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগ এলাকায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ছাত্রলীগ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাই করছিলেন। আটক সৈমনকে হাটহাজারী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসায় তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
অভিযোগকারী মো. ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘আটককৃত সৈমনসহ চারজন যুবক ছাত্রলীগ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আমার ও আমার বোনের মোবাইলসহ আমার সঙ্গে থাকা ১২ শ টাকা হাতিয়ে নেয়।’
এদিকে পরীক্ষার আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি নেসারুল ইসলামকে বেদম মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ক্যাম্পাসে আসা ভর্তি-ইচ্ছুক ও অভিভাবকেরা ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধরে মাথায় ও পিঠে গুরুতর আঘাত পাওয়া নেসারুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছিনতাইসহ বিভিন্ন খারাপ কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে আমরা আটক করেছি। সে এখন থানাহাজতে রয়েছে।