ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবি বেকার নার্সদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের মতো ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠন দুটি।
গত ২৮ মার্চ বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩ হাজার ৬১৬টি ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নার্সদের পিএসসির পরীক্ষায় অংশ নিতে হবে। কিন্তু নার্সরা ব্যাচভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন।
এই দাবিতে আন্দোলনরত নার্সদের ওপর গত ৩০ মার্চ শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গতকালের প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। বিডিবিএনএর ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার বলেন, ‘২৮ মার্চ পিএসসি আমাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকস্মিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই প্রহসনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি।’
বিজিএনএসের সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে অতি দ্রুত ব্যাচভিত্তিক নিয়োগ দিতে হবে। সমাবেশে বিডিবিএনের মহাসচিব ফারুক হোসেন, বিজিএনএসের সাধারণ সম্পাদক নাহিদা আক্তারসহ কয়েক শ নার্স উপস্থিত ছিলেন।