ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে নিষেধ করা হয়নি: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শিক্ষার্থী বা ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কাউকে কোনো ধরনের নিষেধ করা হয়নি। শুধু বলা হয়েছে ভাড়াটের তথ্যগুলো রাখতে। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরের ডিবেট ফর ডেমোক্রেসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে এক জঙ্গিবিরোধী সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিতার্কিকদের উদ্দেশে আইজিপি বলেন, ভুল বুঝিয়ে, জান্নাতের পথে নেওয়ার স্বপ্ন দেখিয়ে যারা মোটিভেট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। তিনি আরও বলেন, অনলাইনে অপপ্রচার সম্বন্ধে চোখ-কান খোলা রাখতে হবে।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক বলেন, অতীতে যে ছাত্ররাজনীতি ছিল, এখন আর তা নেই। এখন তাদের মধ্যে কেউ কেউ ছাত্ররাজনীতিকে রোজগারের অবলম্বন মনে করে। তবে ছাত্ররাজনীতি থাকা দরকার এবং তা গঠনমূলক হওয়া উচিত। কারণ, জাতীয় রাজনীতি সম্বন্ধে তারা জানবে।
শহীদুল হক বলেন, গুলশানের হলি আর্টিজানের ঘটনার কারণে বাংলাদেশ বিশ্বে জঙ্গি কার্যক্রমের জন্য আলোচিত হয়েছে। এটি ছিল একটি ট্র্যাজেডি। এর ফলে উন্নয়নকর্মী, বিনিয়োগকারীদের মধ্যে ভীতি-আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে জঙ্গিদের নিয়ন্ত্রণে সফলতা এসেছে।
সংলাপে ইবাইস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।