ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে করা পৃথক রিট ৩ জুলাই খারিজ করে রায় দেন উচ্চআদালত। কিন্তু এর পরও নগের এসব রিকশা চলছে। এ নিয়ে সচেতন নাগরিক সমাজ, রিকশা মালিক সমিতি ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন নিজাম সিদ্দিকী

মো. খায়রুল ইসলাম
সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতি
প্রথম আলো : উচ্চআদালত নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছেন। এখন আপনারা কী করবেন?
খায়রুল ইসলাম: আমাদের সমিতির পক্ষ থেকে উচ্চআদালতে আপিল করা হয়েছে। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে আদালতের রায় ঘোষণার মাধ্যমে ছয় মাস অথবা এক বছর মেয়াদে চলাচলের অনুমতি পাব। আমরা যত দিন পর্যন্ত ন্যায়বিচার পাব না, তত দিন আইনের আশ্রয় নিয়ে চলা ছাড়া কোনো উপায় নেই।
প্রথম আলো: তিন চাকার প্যাডেল রিকশা পাল্টে ঝঁুকিপূর্ণ ব্যাটারি রিকশা চালুর অসুস্থ প্রতিযোগিতায় কেন নামলেন?
খায়রুল ইসলাম: বিভাটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে ব্যাটারি রিকশা আমদানি করে। তখন আমরা মনে করেছি, এগুলোর চলাচল উপযোগিতা আছে বলেই আমদানি হয়েছে। আর প্যাডেল রিকশার চেয়ে এগুলো চালাতে শারীরিক শক্তির অপচয় কম হবে। এখন ভারসাম্য বজায় রাখা এবং ব্রেক নিয়ন্ত্রণের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গেও আমাদের কথাবার্তা চলছে।
প্রথম আলো: কোনো অভিজ্ঞতার ছাড়া যে যার খুশিমতো চালাচ্ছে। এভাবে কোনো নিয়মকানুন ছাড়া রিকশা চালানোর সুযোগ দেওয়ায় ঘটছে দুর্ঘটনা। এর দায় কি আপনাদের মতো মালিকদের ওপর বর্তায় না?
খায়রুল ইসলাম: অবশ্যই আমাদের ওপর বর্তায়। তবে আমাদের সমিতির সদস্যের ক্ষেত্রে আমরা অদক্ষ কাউকে রিকশা চালাতে দিই না। যাঁরা প্যাডেল রিকশা চালাতেন, তাঁদের সুযোগ দিচ্ছি। একই সঙ্গে সাবধানে চালানোর নির্দেশনা দিয়ে যাচ্ছি। সরকারের তরফ থেকে এসব রিকশা চালানোর নির্দেশনা পেলে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া সহজ হতো।
প্রথম আলো: যত দূর জানি, একেকজন একেকভাবে ব্যাটারিচালিত রিকশা বানাচ্ছে। হাইকোর্টের রিট পিটিশনের নম্বর দিয়ে প্লেট বিক্রি করছে। ফলে রিকশার সংখ্যাও বাড়ছে দিন দিন। এ ব্যাপারে মালিক সমিতির কি কোনো দায়িত্ব নেই?
খায়রুল ইসলাম: আমরা প্রথমে পাঁচ হাজার রিকশার চালানোর অনুমতি চেয়েছি সিটি করপোরেশনের কাছ থেকে। তা না পেয়ে হয়রানিমুক্তভাবে রিকশা চালানোর অনুমতি নিয়েছি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে। কিন্তু নামসর্বস্ব কিছু মালিক সমিতি আমাদের রিট নম্বর যুক্ত করে প্লেট–বাণিজ্য চালিয়ে যাচ্ছে। প্রশাসন শক্ত হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এ ধরনের বেহাল অবস্থা হতো না।