ব্যাটারি রিকশা মালিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক সংগ্রাম পরিষদ গতকাল বুধবার সকালে তাদের সাত দফা বাস্তবায়নের দাবিতে নগরের জামাল খান প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করে।
এ সময়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শফর আলী।
সংগ্রাম পরিষদের সভাপতি মো. আবদুল কাদের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিকনেতা মো. মহসীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সহসভাপতি মো. জি এম মুছা, মো. কবির হোসেন, সহসাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, মো. মহিবুল্লাহ, মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আলম প্রমুখ।
মানববন্ধন পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এম এ কাদের।
সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত রিকশা চালু রাখার দাবি জানিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা পরিবেশবান্ধব এবং এর ভাড়া তুলনামূলক অনেক সাশ্রয়ী। এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের জীবনজীবিকা। অভাব-অনটনের কারণে অপরাধজনক কর্মকাণ্ডে পা না বাড়িয়ে তারা একে পেশা হিসেবে বেছে নিয়েছে।
বক্তারা প্রশাসনের প্রতি ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান এবং চালকদের কোনো ধরনের নির্যাতন না করার অনুরোধ জানান।
মানববন্ধন শেষে সংগ্রাম পরিষদের নেতারা চট্টগ্রাম সিটি মেয়র ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন।
সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উচ্চ আদালতের রিটের ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশার মালিকানা লাইসেন্স প্রদান, ব্যাটারিচালিত রিকশার মালিকদের বাণিজ্যিক বিদ্যুৎ মিটার প্রদান, সিটি করপোরেশনের পক্ষ থেকে রিকশার লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন, রিকশা ও ব্যাটারিচালিত রিকশার চালকদের বিনা মূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রভৃতি।