ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতির দাবি
সিলেট নগরে যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চালুর অনুমতি চেয়ে ১২ দিনের সময়সূচি বেঁধে দিয়েছে ‘ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক কল্যাণ সোসাইটি’ নামের একটি সংগঠন।‘ব্যাটারির অটোরিকশা চালানোর অনুমতি চাই, নইলে কঠোর আন্দোলন’ এই হুঁশিয়ারি দিয়ে সংগঠনের নেতারা গতকাল বুধবার জরুরি সভায় মিলিত হন। সভা থেকে ১৫ অক্টোবরের মধ্যে তাঁদের দাবি মেনে নিতে সিলেট জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানানো হয়। ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নগরে যানজট ও ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ পড়ায় সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বিশেষ নির্দেশে অটোরিকশা চলাচল গত প্রায় তিন মাস ধরে বন্ধ রাখে। এ নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সংগঠনের নেতাদের অভিযোগ, সরকারের অনুমতিক্রমেই চীনসহ বিভিন্ন দেশ থেকে অটোরিকশা আমদানি করা হয়েছে। সরকার এ ক্ষেত্রে অনেক কর পেলেও এখন পর্যন্ত এর কোনো অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়া হয়নি। কিন্তু এসব অটোরিকশা চালিয়ে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন। অনেক বেকার যুবক স্ত্রীর স্বর্ণালংকার, জমি বিক্রি করে অটোরিকশা কিনে চালাতেন। কিন্তু বিনা নোটিশে সিলেট শহর ও শহরতলিতে অটোবাইক চলাচল বন্ধের ঘোষণায় চালক ও মালিক পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জাতীয় অটোবাইক অটোরিকশা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা অটোবাইক অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি নিয়াজ খানের সভাপতিত্বে সভায় দপ্তর সম্পাদক শমসের মিয়া, প্রচার সম্পাদক লিটন বাবু, আবদুল ছালেক, মফিজ মিয়া, গোলাম রহমান ও রমজান মিয়া বক্তব্য দেন। বক্তারা বলেন, উল্লিখিত সময়ের মধ্যে তাঁদের দাবি আদায় না হলে জীবিকার স্বার্থেই অটোরিকশা চালক ও মালিকেরা রাস্তায় নেমে আসবেন। আর তখন যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রশাসন ও সিটি করপোরেশনকে দায়ভার নিতে হবে।