ব্যাটারিচালিত অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বুধবার ব্যাটারিচালিত অটোরিকশামালিকেরা ধর্মঘট পালন করেছেন। নগরের চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তাঁরা এই ধর্মঘটের ডাক দেন। অটোরিকশাচালকেরা অভিযোগ করেন, নগরে অটোরিকশা নামানোর পর থেকে মোড়ে মোড়ে চাঁদাবাজদের অত্যাচারে গাড়ি বের করা দায় হয়ে পড়ে। ২০১০ সালের ৭ জুন বাধ্য হয়ে তাঁরা নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে একটি মানববন্ধন করেন। তারপরও প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চাঁদাবাজদের মোকাবিলা করার জন্য তাঁরা গত বছর ৪ জুলাই একটি সমিতি গঠন করে শ্রম মন্ত্রণালয় থেকে নিবন্ধন করে নেন। এরপর নগরের চাঁদাবাজেরা সমিতির নেতাদের কাছে চাঁদা নিতে আসে। তাঁরা তাদের চাঁদা দিতে অস্বীকার করলে নগরের তিন শীর্ষস্থানীয় চাঁদাবাজের নেতৃত্বে চাঁদাবাজি চলতেই থাকে।গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে কিছুসংখ্যক অটোরিকশচালক চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা বুধবার ভোর ছয়টা থেকে আজ বৃহস্পহিবার ভোর ছয়টা পর্যন্ত অটোরিকশা ধর্মঘট আহ্বান করে। সকালের দিকে দু-একটা অটোরিকশা যাত্রী নিয়ে রাস্তায় নামার চেষ্টা করলে তাঁরা পিকেটারদের সামনে পড়ে নাজেহাল হন। পরে দুপুর ১২টার পর থেকে আর কোনো অটোরিকশা বাইরে বের হয়নি। রাজশাহী জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যাম প্রামাণিক বলেন, একাধিকবার অভিযোগ করা হলেও পুলিশ বলে, তারা চাঁদাবাজদের খুুঁজে পায় না। অথচ প্রতিদিন চাঁদাবাজদের হাতে অটোরিকশাচালকেরা নাজেহাল হচ্ছেন। এ ব্যাপারে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, গত মঙ্গলবার রাতে একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ ব্যাপারে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। আর আগে যে অভিযোগ হয়েছে, সে সময় তিনি এই থানায় ছিলেন না।