ব্যাটারিচালিত যানের লাইসেন্স দিয়েই যাচ্ছে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের অবৈধ যানবাহনের যানজটে নগরবাসী নাকাল হচ্ছে। আর এই সব যানবাহনের লাইসেন্স এবং এগুলোর চালকেরও লাইসেন্স (ড্রাইভিং লাইসেন্স) দিচ্ছে সিটি করপোরেশন। নগরের অসহনীয় যানজটের কারণে গত বছর ঘোষণা দিয়েও রাজনৈতিক কারণে সিটি করপোরেশন এই যানবাহন বন্ধ করতে পারেনি। ঢাকায় ইতিমধ্যে এই যানবাহন অবৈধ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহীতে লাইসেন্সের বাইরেও কয়েক গুণ বেশি যানবাহন অবৈধভাবে চলছে। তাদের কারণে যানজট আরও অসহনীয় হয়ে উঠছে।

যানবাহনগুলো হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও ব্যাটারিচালিত দুই আসনবিশিষ্ট রিকশা।

রাজশাহী সিটি করপোরেশনের লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, তারা এ পর্যন্ত নগরে ৮ হাজার ৮৬২টি ইজিবাইক ও ৮ হাজার ৪০০টি ব্যাটারিচালিত দুই আসনবিশিষ্ট রিকশার লাইসেন্স দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে এই দুই ধরনের যানবাহনের সংখ্যা সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত যানবাহনের চেয়ে অনেক বেশি। অভিযোগ রয়েছে, নম্বর জালিয়াতি করে একই নম্বরে চলে একাধিক অটোরিকশা।

সিটি করপোরেশন এই সব যানবাহনের পাশাপাশি এদের চালকেরও লাইসেন্স দিচ্ছে। একটি অটোরিকশার লাইসেন্সের জন্য ১ হাজার ৫০০ টাকা, ব্যাটারিচালিত দুই আসনের রিকশার জন্য ৪০০ টাকা ও ড্রাইভিং লাইসেন্সের জন্য ১০০ টাকা ফি নেওয়া হয়। এই ফি এক বছরের জন্য নেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য নেওয়া হয় ৫০ টাকা।

এই ধরনের যানবাহনের লাইসেন্স দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের আছে কি না, জানতে চাইলে বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক সাদেকুল ইসলাম বলেন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা—এই দুই ধরনের যানেই মোটর রয়েছে। এগুলো যন্ত্রচালিত যানবাহন। এগুলোর লাইসেন্স সিটি করপোরেশন দিতে পারে না। আর ড্রাইভিং লাইসেন্স যদি সিটি করপোরেশনই দেবে, তাহলে আর বিআরটিএর কী প্রয়োজন?

তবে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন বলেন, বিআরটিএ সারা দেশে কোথাও এ ধরনের যানবাহনের লাইসেন্স দেয় না। বিআরটিএ যদি লিখিতভাবে তাদের জানায় যে এগুলো যান্ত্রিক যানবাহন। বিআরটিএ এগুলোর লাইসেন্স দেবে। চালকেরও ড্রাইভিং লাইসেন্স দেবে, তাহলে তারা এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, এগুলো ব্যাটারিচালিত অযান্ত্রিক যানবাহন। তবে ছয় আসনের অটোরিকশাগুলো তাঁরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান এবং দুই আসনেরগুলো তাঁরা বন্ধ করতে চান। কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপের কারণে সম্ভব হয় না। ঢাকায় এই যানবাহনকে অবৈধ ঘোষণা করার বিষয়টি তিনি জানেন না।

এদিকে নগরের অটোরিকশার অসহনীয় যানজটের কারণে গত বছর ফেব্রুয়ারি মাসে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম ঘোষণা দিয়েছিলেন, দুই আসনের ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং ইজিবাইকের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। জোড় নম্বরধারী অটোরিকশাগুলো এক দিন এবং বিজোড় নম্বরধারী রিকশাগুলো পরের দিন চলবে।

গত বছর ৩০ ডিসেম্বর স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাত্রীদের নিরাপত্তা ও নগরের যানজট নিরসনের জন্য গত ১ জানুয়ারি থেকে রাজশাহী নগরে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর কোনো মালিক বা চালক এ আদেশ অমান্য করলে তাঁর রিকশা আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু গত ১ জানুয়ারি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিটি করপোরেশনের এ আদেশ কার্যকর হয়নি। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, লাইসেন্স কর্তৃপক্ষের বিষয়টি তাঁরা বলতে পারবেন না। তবে অটোরিকশা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তাঁরা কয়েকবার সিটি করপোরেশনকে বলেছেন।