ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবিতে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ও কারখানা সিলগালাসহ চার দফা দাবিতে সমাবেশ করেছে দুটি সংগঠন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শ্রমিকনেতারা। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৩ অক্টোবর চট্টগ্রাম নগরে দিনব্যাপী ধর্মঘট পালনের ঘোষণা দেন তাঁরা।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম শহীদ মিনারের সামনে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর রিকশাচালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। উভয় সংগঠনের নেতারা চট্টগ্রামের মেয়র ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেন।
এদিকে সমাবেশ চলাকালে শহীদ মিনারের বিপরীতে পাশে অবস্থিত মুসলিম হলে করপোরেশন পরিচালিত একটি বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রামের মেয়র এম মন্জুর আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে হাইকোর্টে একটি রিট আছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এর আইনি সুরাহা করা হবে। এরপর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র এম মন্জুর আলম জানান, করপোরেশন ৩৫ হাজার রিকশার লাইসেন্সের অনুমোদন দিয়েছে। আরও ৩৫ হাজার লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।
দুই সংগঠনের অন্যতম দাবিগুলো হলো ৩৫ হাজার বৈধ রিকশার লাইসেন্স নবায়ন ও নতুন ৩৫ হাজার রিকশার লাইসেন্সের অনুমোদন, চার হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন এবং অটোরিকশা ও অটোটেম্পোর স্ট্যান্ড নির্মাণ ইত্যাদি।
এদিকে সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে প্রায় দুই লাখ রিকশাচালক-মালিক ও সিএনজিচালিত চালক-মালিকের জীবন-জীবিকা বিপন্ন হয়ে উঠেছে। তাই এসব রিকশা উচ্ছেদ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
চট্টগ্রাম মহানগর রিকশাচালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক সংগঠক ওয়াজি উল্লাহ, শ্রমিকনেতা হারুনুর রশীদ, আলী আকবর, সামসুল ইসলাম, শাহ আলম হাওলাদার প্রমুখ।