ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবিতে নগর ভবন ঘেরাওয়ের ডাক
চট্টগ্রামের সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশাচালক-মালিক সমিতির প্রতিনিধিরা ২০ মে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ এবং রিকশা তৈরির কারখানা, গ্যারেজ, শোরুম ও ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা সিলগালা করার দাবিতে তাঁরা এ কর্মসূচি দেন৷
গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ। চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, চট্টগ্রাম হালকা মোটরযানচালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলী আকবর৷