ব্যাটারিচালিত রিকশা কাল থেকে আবার চলবে?
চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে এ-সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের কপি গতকাল মঙ্গলবার সিটি মেয়র ও পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরী ব্যাটারিচালিত প্যাডেল রিকশা মহাজোট নামের একটি সংগঠনের সদস্যরা গতকাল মিছিল নিয়ে আদেশের কপি পৌঁছে দেন। সংগঠনের নেতারা বলেন, বৃহস্পতিবার থেকে নগরের বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল আবার শুরু করার প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘আমরা আইনজীবীর সঙ্গে পরামর্শ করব। তারপর সিদ্ধান্ত দেওয়া হবে।’
চট্টগ্রাম মহানগরী ব্যাটারিচালিত প্যাডেল রিকশা মহাজোটের আহ্বায়ক মোহাম্মদ আরেফ প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচলের পক্ষে রায় পেয়েছি। রায়ের কপি মেয়র মহোদয়, পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সাহেবকে দিয়েছি। আশা করছি, সবাই উচ্চ আদালতের রায় সম্মান করে আমাদের রিকশা চলাচলে সহযোগিতা দেবেন। আমরাও বৃহস্পতিবার থেকে রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছি।’
উচ্চ আদালতের আদেশে গত বছরের ২৪ জুন থেকে চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে পুলিশ প্রশাসন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান গতকাল রাতে মুঠোফোনে বলেন, ‘রায়ের কপি পেয়েছি। এক মাসের মধ্যে বিষয়টি ফয়সালা করার জন্য আদেশ দিয়েছেন আদালত। কিন্তু গাড়ি চলাচল করলে বাধা দেওয়া যাবে না—এই মর্মে কোনো আদেশ দেননি।’