ব্যাটারিচালিত রিকশা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পর চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে গতকাল শুক্রবার থেকে আবারও ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করেছে। চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশন হাইকোর্টের আদেশ নিয়ে ব্যাটারিচালিত রিকশা নামিয়েছে।
গত বৃহস্পতিবার ফেডারেশনের সভাপতি সালামত আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ছয় মাসের জন্য মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলার আদেশ জারি করেছেন। ওই দিনই তিনি শুক্রবার থেকে ব্যাটারিচালিত রিকশা চলার ঘোষণা দেন।
গত ৩ জুলাই উচ্চ আদালত বিভিন্ন ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতির করা রিট খারিজ করে দেন। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ হয়ে যায়। হাইকোর্টের আরেকটি বেঞ্চের আদেশের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।
গতকাল সকালে নগরের বিভিন্ন অলিগলিতে প্যাডেল রিকশার পাশাপাশি দু-একটি করে ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক নেতা জানান, এর মধ্যে বেশ কয়েকটি রিকশার ব্যাটারি খুলে ফেলায় সেগুলো তৈরি করতে সময় লাগছে। দু-এক দিনের মধ্যে বাকি রিকশাগুলোও নামবে।
কয়েকজন রিকশারোহী জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশায় দুর্ঘটনার শঙ্কা কাটানোর উদ্যোগ নিতে হবে। তা ছাড়া কোনো সমস্যা নেই। অন্তত গত কয়েক দিন প্যাডেল রিকশাচালকদের ভাড়া নিয়ে বাড়াবাড়ি থেকে তাঁরা রক্ষা পেয়েছেন, এটাই বড় কথা।