বিকল্প ব্যবস্থা না করে চট্টগ্রামে গতকাল শুক্রবার থেকে আবারও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। এই সুযোগে নগরের অন্য গণপরিবহনে ভাড়া বেড়েছে। চট্টগ্রামে প্রায় ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ব্যাটারিচালিত রিকশা চালুর জন্য হাইকোর্টে রিট করেছিল মালিকদের একটি সংগঠন। সেটি খারিজ হয়ে গেছে। বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আইনগত জটিলতার মধ্যে আছে ব্যাটারিচালিত রিকশা। অথচ কম ভাড়ায় যাত্রীরা ব্যাটারিচালিত রিকশায় যাতায়াতের সুবিধা পাচ্ছে। এতে নগরবাসী উপকৃত হচ্ছে। আর চট্টগ্রামের রাস্তাঘাট উঁচু-নিচু। প্যাডেলচালিত রিকশা দিয়ে যাত্রী পরিবহন অমানবিক। মেয়র হিসেবে আমি এ বিষয়ে অবশ্যই সুরাহা করব, যাতে নগরবাসী ও ব্যাটারিচালিত রিকশার চালক-মালিকেরা সুবিধা পায়।’
তবে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান জানান, ব্যাটারিচালিত রিকশা মালিক সংগঠনের রিট হাইকোর্ট খারিজ করে দেন। পরে সংগঠনটি চেম্বার জজের কাছে যায়। কিন্তু চেম্বার জজ হাইকোর্টের আদেশের পক্ষে বা বিপক্ষে কিছু বলেননি। তাই হাইকোর্টের আদেশ মেনেই অভিযান শুরু করা হয়েছে। এতে আইনগত কোনো সমস্যা নেই।
>বিকল্প ব্যবস্থা চালু না করে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ
এর আগে ৭ মে শহিদুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, ‘আপিল বিভাগে শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান আপাতত বন্ধ রাখবে চট্টগ্রাম মহানগর পুলিশ।’ আগামী ১৮ জুন এ বিষয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য আছে।
সিটি নির্বাচনের আগে গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংসদ হাছান মাহমুদ দামপাড়ায় এক সমাবেশে বলেছিলেন, আ জ ম নাছির মেয়র নির্বাচিত হলে ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে তিনি নিজেই ভালো আইনজীবী নিয়োগ করবেন, যাতে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল অব্যাহত থাকে।
এ বিষয়ে গতকাল হাছান মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আইনি জটিলতার শিকার ব্যাটারিচালিক রিকশা। তবে কাঠামো পরিবর্তন করে ব্যাটারিচালিত রিকশা চলাচল করার পক্ষে আমি।’