৩১ ডিসেম্বরের মধ্যে নগরের বিভিন্ন সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন পরিষদের নেতারা।
এর আগে বেলা তিনটায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে একই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ। এ সময় পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, পরিষদের পক্ষ থেকে করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাটারিচালিত রিকশা নগরের সড়কগুলোতে চলতে না দিতে সিটি মেয়র ও পুলিশকে নির্দেশ দেন। কিন্তু তা মানা হচ্ছে না। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা না হলে রাজপথে কঠোর আন্দোলন শুরু করা হবে। সংবাদ সম্মেলনের পর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে কয়েক শ রিকশা শ্রমিক ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের রায়ের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরের সার্কিট হাউসে এক সভায় ব্যাটারিচালিত রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। তিনি ব্যাটারি রিকশা উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। তাঁরা অভিযোগ করেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে নগরে ব্যাটারিচালিত রিকশা চলছে। সিটি মেয়র ও পুলিশ কমিশনারকে আদালতের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান তাঁরা। তা না হলে ১ জানুয়ারি থেকে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, মজিবুর রহমান, আবদুছ সালাম, চন্দন খাস্তগীর প্রমুখ বক্তব্য দেন।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উাল-হাসান বলেন, ‘আমরা আদালতের নির্দেশ মেনেই প্রতিদিনই ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিনই ব্যাটারিচালিত রিকশা আটক করা হচ্ছে।’