ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা কাটছে
চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ক্ষেত্রে বাধা আপাতত দূর হচ্ছে। লাইসেন্স চেয়ে বিআরটিএর কাছে করা একটি আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নগরে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রামের ব্যাটারিচালিত রিকশা মালিক-চালক সংগঠনের পক্ষ থেকে ১০৮ জন লাইসেন্স চেয়ে গত ২৮ এপ্রিল বিআরটিএর কাছে আবেদন করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআরটিএর কাছে আবেদনের পর হাইকোর্টে রিট করেন সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি ছালামত আলী। গত ১২ মে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের ওপর শুনানি হয়। বিআরটিএর কাছে করা আবেদন ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট। আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে বলে হাইকোর্ট আদেশ দেন।
রিটের বাদী ছালামত আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চলাচলের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশের অনুলিপি আমাদের হাতে আসেনি। আদেশের অনুলিপি পাওয়া গেলে ব্যাটারিচালিত রিকশা চালানোর ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।’
চট্টগ্রামের সিটি রিকশা মালিক ফেডারেশনের উপদেষ্টা মো. ফজলে আজিম গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশের অনুলিপি আজ-কালের মধ্যে হাতে পাব। এরপর তা পুলিশ কমিশনারের কাছে দেব।’
নাগরিক ভোগান্তি: গত শুক্রবার থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়ার পর প্যাডলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দেড়-দুই গুণ বেড়ে গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে রাস্তা থেকে এসব যান তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম নগরে প্রায় ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করে বলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন।
চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা উধাও হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে। মেহেদীবাগের বাসা থেকে আগ্রাবাদের কর্মস্থলে যেতে আমার গাড়ি ভাড়া বেড়েছে ৬০-৭০ টাকা।’
প্যাডলচালিত রিকশার ভাড়াও অস্বাভাবিক বেড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কয়েকজন যাত্রী বলেন, আগে বৈরাগীপাড়া থেকে কাজীর দেউড়ি পর্যন্ত রিকশা ভাড়া ছিল ২০ টাকা। এখন নেওয়া হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।