চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলার ক্ষেত্রে আর কোনো সময় দেওয়ার সুযোগ নেই। আইনের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। উচ্চ আদালতের রিটের রিভিউ অথবা সরকারি নীতিমালার পরিবর্তনের মাধ্যমে এগুলো চলার অনুমতি পেলে তা অনুসরণ করা হবে।
ব্যাটারিচালিত রিকশা চলার সুযোগ দাবি নিয়ে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর জবাবে মালিক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনার পরে তাঁদের পরবর্তী কর্মসূচি জানানোর ঘোষণা দেন।
গত রোববার নগরের সিটি গেট এলাকায় চালক-মালিক সমিতির বিক্ষোভ এবং সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে মালিক সমিতি, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের সমন্বয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে এ ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করা হয়।
গত ৩১ আগস্ট থেকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত উপকমিশনার ফারুক আহমেদ ও সুজায়েত ইসলাম, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম রিকশা ও ব্যাটারি রিকশা চালক-মালিক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, চট্টগ্রাম সিটি রিকশা চালক-মালিক ফেডারেশনের সভাপতি মো. সালামত আলী প্রমুখ।