ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি বিষয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ রায় দেন। সিটি করপোরেশনের আইনজীবীরা বলেছেন, এর ফলে এ দুই মহানগরে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশার বৈধভাবে চলাচলের কোনো সুযোগ নেই।
আদালতে সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস, তৌফিক ইনাম ও মো. নাজমুল হক এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পক্ষে আইনজীবী মহিউদ্দিন শামীম মামলা পরিচালনা করেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ ও এ কে জাহাঙ্গীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
আইনজীবীদের সূত্রে জানা যায়, ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশামালিকদের বিভিন্ন সংগঠন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ওই যান চলাচলের পক্ষে লাইসেন্স চেয়ে সিটি করপোরেশনে আবেদন করেন। সে আবেদনের নিষ্পত্তি না হওয়ায় চলাচলের অনুমতি ও চলাচলে বাধা না দিতে নির্দেশনা চেয়ে সংগঠনগুলোর পক্ষে পৃথক পাঁচটি রিট হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে ওই আবেদন নিষ্পত্তির কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলে বাধা না দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দেন। রায়ের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী তৌফিক ইনাম প্রথম আলোকে বলেন, ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড পাবলিক ভেহিকেলস বাই-লজ-১৯৭৩ অনুযায়ী ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশার লাইসেন্স দেওয়ার সুযোগ নেই। আদালত চারটি রিট খারিজ করে দিয়েছেন। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এ ধরনের রিকশা বৈধভাবে চলাচলের কোনো সুযোগ নেই। ওই সব এলাকায় এ ধরনের যান চলাচল নিষিদ্ধই থাকছে।