ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে মালিক ও চালক সংগঠনের সদস্যরা গতকাল বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। এর আগে তাঁরা চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
গতকাল দুপুরে জেলা পরিষদ চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন নগর শ্রমিক লীগ নেতা ও ব্যাটারিচালিত রিকশা শ্রমিক সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। এতে বক্তৃতা দেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলী প্রমুখ। পরে পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা পরিষদ চত্বরের সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরের সড়কগুলো উঁচুনিচু। প্যাডেলচালিত রিকশা চালানো কষ্টকর। ব্যাটারিচালিত রিকশা আসার পর চালকেরা স্বস্তি পেয়েছিলেন। আবার প্যাডেলচালিত রিকশায় ফিরে গেলে চালকদের কষ্ট বাড়বে। তাই মানবিক দিক বিবেচনা করে ৭০ হাজার চালকের আয়ের পথ খুলে দিন। গত বুধবার থেকে চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এ-সংক্রান্ত একাধিক রিট মামলা রয়েছে।
সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলী বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা বন্ধের কারণে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া অস্বাভাবিক বেড়ে গেছে।’