ব্যাটারিচালিত রিকশা বন্ধ, জনদুর্ভোগ
চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নগরে পরিবহনসংকট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গতকাল সোমবার সকাল থেকে মহানগর পুলিশ অভিযান চালিয়ে নগরের সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেয়।
সূত্র জানায়, উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চালানো হচ্ছিল। গতকাল সোমবার আদেশের মেয়াদ শেষ হওয়ায় পুলিশ প্রশাসন অভিযান শুরু করে।
বেশ কয়েকজন পথচারী বলেন, বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে নেওয়া উচিত হয়নি। একসঙ্গে ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা রাস্তা থেকে উধাও হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। এই সুযোগ নিচ্ছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। তাঁরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
হালিমা বেগম নামের এক নারী বলেন, ‘অক্সিজেন মোড়ের বাসা থেকে ব্যাটারিচালিত রিকশা করে ষোলশহরে যেতাম ৫০ টাকায়। ব্যাটারিচালিত রিকশা উধাও হওয়ায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়েছে ১০০ টাকা। অথচ মিটারে কোনো অবস্থাতেই সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫০-৫৫ টাকার বেশি হতো না।’
এদিকে নগরের বিভিন্ন বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ সময় ধরে রিকশার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেকের অভিযোগ, রিকশাচালকেরা দেড়-দুই গুণ ভাড়া হাঁকছেন।
চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি ছালামত আলী বলেন, অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বাড়ানোর জন্য আগামী ১ এপ্রিল তাঁরা হাইকোর্টে আবেদন করবেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশের মেয়াদ শেষ হওয়ার পর আমরা ব্যাটারিচালিত রিকশা তুলে দিয়েছি।’
এদিকে যাত্রী পরিবহনের অভিযোগে গতকাল ২৩টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে পুলিশ।
সংবাদ সম্মেলন: নগর থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিক লীগ। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ মঙ্গলবার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, বুধবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও ২৯ মার্চ চট্টগ্রাম শহীদ মিনারে বৃহত্তর সমাবেশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামে পাহাড়ি সড়কপথ বেশি। তাই প্যাডলচালিত রিকশায় যাত্রী পরিবহন কষ্টসাধ্য ব্যাপার। প্যাডলচালিত রিকশা চালানোর শারীরিক শক্তি অনেকের নেই। তাই ব্যাটারিচালিত রিকশা জনপ্রিয় হয়ে উঠেছে।