ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান, প্রতিবাদে বিক্ষোভ
পাবনা জেলা শহরে দিন দিন নিবন্ধনহীন ব্যাটারিচালিত রিকশা বাড়ছে। এ কারণে শহরে যানজট ও দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ প্রশাসনের। তারা এ রিকশা বন্ধে অভিযান চালাচ্ছে। এর প্রতিবাদে গত রোববার শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ব্যাটারিচালিত রিকশার মালিক ও শ্রমিকেরা।
পাবনা পৌরসভা সূত্র জানায়, ছয়-সাত বছর আগে পাবনায় পায়ে চালিত রিকশার সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। ব্যাটারিচালিত রিকশা আসার পর থেকে এ সংখ্যা কমতে শুরু করেছে। ২০১২ সালে পায়ে চালিত রিকশার লাইসেন্স নবায়ন হয়েছে ছয় হাজার। পরের বছর ২০১৩ সালে সর্বশেষ লাইসেন্স নবায়ন হয়েছে মাত্র চার হাজার।
পাবনা পৌরসভার লাইসেন্স পরিদর্শক বেলাল হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণ অবৈধ। ফলে পৌরসভা থেকে এই রিকশা নতুন লাইসেন্স দেওয়ার এখতিয়ার নেই।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, ১০ বছর আগে শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত রিকশার সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। ব্যাটারিচালিত রিকশা আসার পর এই সংখ্যা ১৪ হাজারে দাঁড়িয়েছে। অপেক্ষাকৃত সুবিধাজনক হওয়ায় অধিকাংশ চালক এখন ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন। এই রিকশার ওপরই নির্ভর করছে রিকশাশ্রমিকদের জীবন-জীবিকা। তাই শ্রমিক ইউনিয়ন ব্যাটারিচালিত রিকশার বৈধতা দাবি করছে। রোববার রাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিক ইউনিয়ন।
ছয়-সাতজন যাত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশা বেশ দ্রুতগামী। ফলে চলাচলে কিছু সুবিধা বেড়েছে। কিন্তু এসব রিকশার কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে এই রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় শহরে যানজটও বাড়ছে।
শহরের গোপালপুর মহল্লার বাসিন্দা স্বাধীন মজুমদার বলেন, ব্যাটারিচালিত রিকশার অধিকাংশ চালকই ঠিকমতো এই যান চালাতে পারেন না। ফলে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি এই রিকশায় করে যাওয়ার সময় পড়ে গিয়ে তিনি ও তাঁর ছেলে আহত হন।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, শহরে যানজটের প্রধান কারণ যত্রতত্র গাড়ি পার্কিং। এ ছাড়া ফুটপাতে বাজার ও অবৈধ ব্যাটারিচালিত রিকশাও এর কারণ। ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করারও কোনো উদ্যোগ নেই। কিন্তু পুলিশ ব্যাটারিচালিত রিকশার চালকদের হয়রানি করছে। এটা শ্রমিক ইউনিয়ন মেনে নেবে না।
পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ‘কোনো অবৈধ যানবাহনই চলবে না। এসব যানবাহন বন্ধ করতে সরকারি নির্দেশনা রয়েছে।’