ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ ১৩ দফা দাবিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশার মালিক ও চালকেরা গতকাল রোববার সকালে সমাবেশ করেছেন।
সমাবেশ শেষে তাঁরা সিটি মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন।
সকালে নগরের আউটার স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি যৌথভাবে আয়োজন করে সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিকদের ১০টি সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে নগরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো প্রকার অনুমোদন ছাড়া এসব রিকশা রাস্তায় চলছে। এগুলো বন্ধ না করলে সিএনজি অটোরিকশা রাস্তা থেকে আস্তে আস্তে উঠে যাবে। এতে করে জনদুর্ভোগ বাড়বে।
তাঁরা আরও বলেন, ব্যাটারি রিকশার কারণে বর্তমানে নগরে দুর্ঘটনা বেড়েছে। শিগগির এই বাহন বন্ধ করা উচিত।
এ ছাড়া সমাবেশে নম্বরবিহীন অটোরিকশা বন্ধ এবং চাঁদাবাজি বন্ধসহ ১৩ দফা দাবি জানানো হয়।
সমাবেশে চট্টগ্রাম অটোরিকশা টেম্পো ফোর স্ট্রোক সিএনজি চালক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল কাশেম নজরুল ইসলাম, বাবুল দত্ত প্রমুখ বক্তব্য দেন।