ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে মহাসমাবেশ-ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আগামী ২১ অক্টোবর লালদীঘি মাঠে মহাসমাবেশ ডাকা হয়েছে। একই দিন প্যাডেল ও সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটও ডাকা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নগরের জামালখানে প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে প্যাডেল ও সিএনজিচালিত অটোরিকশার চালক-মালিকদের চারটি সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে। 
সংগঠনগুলো হলো চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি ও চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ।
চারটি সংগঠনের পক্ষে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ঈদের পর ২১ অক্টোবর লালদীঘিতে মহাসমাবেশ হবে। সেদিন নগরে রিকশা ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 
প্রেসক্লাব ভবনের সামনে সমাবেশের আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পুরোনো স্টেশনে চার সংগঠনের হাজারো সদস্য জড়ো হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে লালদীঘি, আন্দরকিল্লা হয়ে প্রেসক্লাব ভবনের সামনে আসেন। 
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ বন্ধ করে এই সমাবেশ হয়। এতে নগরের জামালখান, চেরাগী পাহাড় মোড়, বৌদ্ধমন্দির, জুবিলি রোড, তিন পোল, নিউমার্কেট মোড়সহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।