৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে লাগাতার হরতালসহ কর্মসূচি
ব্যাটারিচালিত রিকশাচালক মালিকদের সমাবেশ
ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা শ্রমিক-মালিক লীগ। ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে চট্টগ্রামে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর অঞ্চলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সমাবেশকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শত শত চালক ও মালিক জড়ো হতে থাকেন। একপর্যায় প্রেসক্লাবের এক পাশের সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সমাবেশে বলেন, চট্টগ্রাম মহানগরের রাস্তাগুলো সমতল নয়। পাহাড়ি এলাকা বলে প্যাডেলচালিত রিকশার চালকেরা অমানবিক কষ্ট করে যাত্রী ও মালামাল পরিবহন করে আসছিলেন। ব্যাটারিচালিত রিকশা চালুর পর চালকেরা স্বস্তি ফিরে পান। কিন্তু ব্যাটারিচালিত রিকশা বন্ধের জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।