ব্যাটারিচালিত রিকশাভ্যান বন্ধের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রাফিক পুলিশ কর্তৃক শহরে ব্যাটারিচালিত রিকশাভ্যান চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর, পার্বতীপুর, খানসামা, রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলার শ্রমিকেরাও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে শ্রমিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রিকশা মজদুর ইউনিয়নের সভাপতি বছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগ পার্বতীপুর শাখার সভাপতি কাজী তোফাজ্জল হোসেন, সৈয়দপুর রিকশা মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব ও ডিজিটাল বাংলাদেশের রূপকার। অথচ এ সরকারের আমলে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দিলেও ওই ভ্যান চলতে বাধা দিচ্ছে ট্রাফিক পুলিশ। ফলে ২০ হাজার শ্রমিকের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব পরিবারের লোকজন এক সপ্তাহ ধরে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন। শ্রমিকেরা এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যান কিনেছেন। সপ্তাহে ঋণ বাবদ প্রতিটি রিকশাভ্যানের বিপরীতে ১ হাজার ৫০ টাকা কিস্তি পরিশোধ করতে হয়। একদিকে এনজিওর কিস্তি, অন্যদিকে পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগানো অনেক কঠিন হয়ে পড়েছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিমানবন্দর সড়ক হয়ে উপজেলা পরিষদে গিয়ে পৌঁছে। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী শ্রমিকদের স্মারকলিপি গ্রহণ করেন।