ব্যাটারিচালিত রিকশার মালিক ও চালকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে সমাবেশ করেছেন রিকশা মালিক ও চালক সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
সমাবেশ শেষ হওয়ার পর দুপুরের দিকে নগরের সদরঘাট এলাকায় কিছু চালক অটোরিকশা ভাঙচুর শুরু করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজনের ব্যাপারে কাল মঙ্গলবার বৈঠক ডেকেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
প্রেসক্লাব চত্বরের সমাবেশে বক্তারা বলেন, ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে ৭০ হাজার পরিবারকে পথে বসানো হয়েছে। রোজার দিনে ব্যাটারিচালিত রিকশার চালকেরা বেকার হয়ে গেছেন। কষ্টে দিন কাটছে পরিবার-পরিজনের।
বক্তারা আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকেরা পরিবহন ব্যবসা কুক্ষিগত করতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা নগরবাসীকে জিম্মি করে ইচ্ছেমতো ভাড়া হাতিয়ে নিচ্ছেন। মিটারে যে ভাড়া ২৫ টাকার বেশি ওঠার কথা না, সেই ভাড়া তাঁরা ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। পুলিশ প্রশাসন অটোরিকশার চালকদের নৈরাজ্যকর ব্যবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ ব্যাটারিচালিত রিকশা দিয়ে কম খরচে যাতায়াত করা যেত।
গতকাল প্রেসক্লাবের সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি ছালাম আলী, রিকশা শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস প্রমুখ।
চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হয়েছে। তবে মিটার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চলাচলের কারণে অস্বাভাবিক ভাড়া আদায়ের অভিযোগ আমি পেয়েছি। অটোরিকশায় মিটার সংযোজনের ব্যাপারে মঙ্গলবার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। মিটার ছাড়া চট্টগ্রাম নগরে কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না।’
অতিরিক্ত পুলিশ কশিনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার কিছু চালক সমাবেশ থেকে ফেরার সময় সদরঘাট এলাকায় দু-তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।’