ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দাবি করেছে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। গতকাল বুধবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশ করে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ খরচ ও দুর্ঘটনার অজুহাত দেখিয়ে গরিবের পেটে লাথি মেরে ব্যটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রিকশার কাঠামো পরিবর্তন করে হলেও লাইসেন্স দেওয়া উচিত। প্রয়োজনে নীতিমালা প্রণয়ন করে পরিবেশবান্ধব এই যান চলাচলের অনুমতি দেওয়া হোক।
কমিটির সদস্য রুস্তম আলী হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, কমিটির উপদেষ্টা মনীষা চক্রবর্তী, রিকশাশ্রমিক মো. মহসিন শহীদ, মো. আবদুল হালিম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ। তাঁরা ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি জানান।