ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রাষ্ট্রদ্রোহের শামিল। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে আদিবাসীদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বাবুছড়া ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল আহম্মেদ। উপস্থিত ছিলেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক কর্নেল সাজ্জাত হোসেন, চট্টগ্রাম বিজিবি দক্ষিণ-পূর্ব অঞ্চলের অপারেশন অফিসার লে. কর্নেল তৌহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ৫৩৯ কিলোমিটার অরক্ষিত রয়েছে। এর মধ্যে সুন্দরবন এলাকায় ৬০ কিলোমিটার ও পার্বত্য চট্টগ্রামে ৪৭৯ কিলোমিটার। সীমান্ত সুরক্ষার জন্য পার্বত্যাঞ্চলে দুটি নতুন সেক্টর ও সাতটি নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করা হয়।