ব্যাডমিন্টন খেলা দিয়ে স্বপ্নপূরণের আশা
বাবা-মায়েরা যখন নিজেদের সন্তানদের চিকিৎসক, নয়তো প্রকৌশলী বানানোর স্বপ্ন দেখেন, তখন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাইদুর রহমান ও শাহিদা বেগম তাঁদের মেয়ে সাইফুননেছাকে একজন কৃতী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। এই মুহূর্তে তাঁদের মেয়ে উপজেলা সদরের ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
দুই মেয়ে নিয়ে ব্যবসায়ী সাইদুর রহমান আর গৃহিণী শাহিদা বেগমের সংসার। সাইফুননেছা বড়। উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় তাদের বাড়ি। শাহিদা বেগম বলেন, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায় সাইফুননেছা। আর চলতি বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সে ব্যাডমিন্টন ও দাবায় বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। এর মধ্যে ব্যাডমিন্টন খেলার সিদ্ধান্ত নেয় সে। বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সাইফুননেছা।
সাইফুননেছা বলে, ‘আমি শুধু খেলার জন্যই খেলি। তবে জিতলে আমার ভালো লাগে।’
সাইফুননেছার মা বলেন, মেয়ে তাঁদের মুখ উজ্জ্বল করেছে। তাই তারাও কারও কথা না শুনে মেয়েকে একজন ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মফিজ উদ্দিন বলেন, ‘এখন গ্রামে খেলাধুলায় পারদর্শী মেয়ের সংখ্যা খুবই কম। কিন্তু সাইফুননেছার পরিবারের আগ্রহে আমরা মেয়েটিকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছি।’